দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পখাতে নতুন করে চরম অস্থিরতা ও সংকট ঘনীভূত হয়েছে। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং বকেয়া পরিশোধের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলগুলোতে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভ ও অসন্তোষ কোনোভাবেই থামছে না। সাভার, আশুলিয়া, গাজীপুর ও উত্তরায় প্রতিদিন নতুন নতুন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করছেন এবং বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের রপ্তানি আয়ের এই অন্যতম প্রধান খাতটি মারাত্মক এক অনিশ্চয়তার মুখে পড়েছে, যা পুরো দেশের অর্থনীতিকেই গভীর উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছিলেন পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে তারা অত্যন্ত কঠোর এক বার্তা দিয়েছেন। মালিকপক্ষের পরিষ্কার ঘোষণা, যদি এই অননুমোদিত আন্দোলন এবং ভাঙচুরের সংস্কৃতি অব্যাহত থাকে, তবে বাধ্য হয়েই তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সমস্ত পোশাক কারখানা বন্ধ ঘোষণা করবেন। তাদের মতে, ক্রমাগত উৎপাদন ব্যাহত হওয়া, নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর মতো পরিস্থিতি আর দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এক সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, মাঠপর্যায়ের শ্রমিকরা তাদের দাবির পক্ষে অনড় অবস্থানে রয়েছেন। শ্রমিকদের একটি বড় অংশের অভিযোগ, জীবনযাত্রার বর্তমান ব্যয় বৃদ্ধির তুলনায় তাদের মজুরি অত্যন্ত অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা অবিলম্বে একটি সম্মানজনক মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে রাজপথে নেমেছেন। তবে সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল কারখানায় ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা গোটা শ্রমিক আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করছে।
শিল্প মালিক এবং শ্রমিক নেতাদের এই দ্বান্ধ্বিক অবস্থানের কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পোশাক খাতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন-জীবিকা এখন হুমকির মুখে। কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত কার্যকর হলে দেশের রপ্তানি বাণিজ্যে ধস নামার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। বিশেষ করে, প্রধান পশ্চিমা ক্রেতারা বিকল্প বাজারের সন্ধান করতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে শ্লথ করে দিতে পারে।
এই মহাসংকট উত্তরণে অবিলম্বে সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং একটি কার্যকর ত্রিপক্ষীয় সংলাপের ওপর জোর দিচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞরা। মালিক, শ্রমিক এবং সরকারের নীতিনির্ধারকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমঝোতা কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের নায্য দাবিগুলোর যৌক্তিক সমাধান বের করা অত্যন্ত জরুরি। অন্যথায়, পারস্পরিক অনাস্থা ও কঠোর মনোভাবের জেরে সৃষ্ট এই শিল্পাঞ্চল সংকট সমগ্র দেশকে এক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে, যা কোনো পক্ষই কাম্য বলে মনে করে না।
আপনার মতামত লিখুন :