২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার কূটনৈতিক পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র একে একে বাতিল করা হয়। সাম্প্রতিক সময়ে সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হঠাৎ করেই দেশে ফিরে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, একজন সাবেক রাষ্ট্রপ্রধান বা শীর্ষ রাজনৈতিক নেতার দেশের মাটিতে পা রাখার ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক বাধাগুলো ঠিক কতটা সুদৃঢ় এবং অতীতে এমন পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্ব কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাসন, পাসপোর্ট জব্দ বা দেশে ফেরায় নিষেধাজ্ঞা আরোপের ঘটনা নতুন নয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দীর্ঘ প্রায় ছয় বছর প্রবাস জীবন কাটাতে বাধ্য হয়েছিলেন। সে সময় জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে তাদের দেশে ফেরার ক্ষেত্রে নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক অদৃশ্য দেয়াল তোলা হয়েছিল। এমনকি ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফেরার প্রক্রিয়াটিও ছিল চরম অনিশ্চয়তা ও জীবনঝুঁকিতে ভরপুর, যা এ দেশের রাজনীতির এক দীর্ঘস্থায়ী সংকটময় অধ্যায়ের ইঙ্গিত দেয়।
একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নানা সমীকরণের কেন্দ্রে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন রাজনীতি থেকে মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে তাকে এবং তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়ার বা রাজনীতিতে নিষিদ্ধ করার নানামুখী চক্রান্ত হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনের আগে দেশে ফেরার পর তাকে নানা আইনি জটিলতা এবং এক পর্যায়ে নিজ বাসভবনেই অবরুদ্ধ থাকার অভিজ্ঞতা নিতে হয়েছে। রাজনৈতিক নেতাদের নাগরিক অধিকার হরণ এবং ট্রাভেল পাস বা পাসপোর্টের মতো মৌলিক নথিপত্র কেড়ে নেওয়ার চর্চা এ দেশের শাসনব্যবস্থার একটি দীর্ঘমেয়াদী কালচার হিসেবে প্রোথিত রয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ৫ আগস্ট পরবর্তী কাঠামোগত পরিবর্তনের একটি বড় রাজনৈতিক বার্তা। আইনি বিধান অনুযায়ী, কোনো নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে কিংবা বিচারাধীন মামলা থাকলে সরকার তার পাসপোর্ট বাতিল বা স্থগিত করার এখতিয়ার রাখে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ গুরুতর অভিযোগ থাকায় তার দেশে ফেরা এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া এখন দেশের প্রধান বিচারিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাভেল পাসের আবেদন কিংবা বিশেষ ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের ক্ষেত্রেও তাকে রাষ্ট্রের বর্তমান আইনি কাঠামোর মধ্য দিয়েই যেতে হবে, যা অতীতে আর কোনো সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এভাবে সরাসরি মুখোমুখি হতে হয়নি।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতাদের দেশে ফেরা বা তাদের নাগরিক অধিকার হরণের এই সংস্কৃতি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বারবার হোঁচট খাইয়েছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক রাজনীতি এবং আইনি প্রক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের এই ধারা থেকে বের হয়ে আসা জরুরি। শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণা এবং তার পাসপোর্টের বৈধতা নিয়ে চলমান আইনি টানাপোড়েন শুধু একজন ব্যক্তির প্রশ্ন নয়, এটি আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতার এক বড় পরীক্ষা। ভবিষ্যতে দেশের রাজনীতিতে যেন কাউকে আর নির্বাসনের যন্ত্রণা বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার সংকটে পড়তে না হয়, তার জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কোনো বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :